শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে দেবর ও তাঁর চাচাতো ভাবির আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সর্বশেষ ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই তারা এ পথ বেছে নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে তাঁর চাচাতো ভাই, মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের গোপন সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পরিবারে বিরোধ দেখা দেয়।
এর জেরে মঙ্গলবার ইফতারের পর মোহাম্মদপুর এলাকায় নিজের কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় মিল্টন মল্লিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
মিল্টনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর বুধবার সকালে স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন এলিনা আক্তার। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় আগে থেকেই গুঞ্জন ছিল।
নিহতদের স্বজন আব্দুল খালেক মাতব্বর জানান, সম্পর্কের জের ধরেই তারা আত্মহত্যা করেছে বলে পরিবারের ধারণা। এলাকায় এ ধরনের ঘটনা আগে ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।