বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।
পুলিশের ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকির বাগেরহাট জেলার বাসিন্দা। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালনরত বর্তমান আইজিপির মেয়াদ শেষ হওয়ার আগেই এই পরিবর্তন আনা হলো।
দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তরে উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন, বিভিন্ন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টেও তিনি দায়িত্ব পালন করেছেন।
১৯৬৮ সালের ৫ এপ্রিল জন্ম নেওয়া এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরসহ এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে তাঁর পুলিশে কর্মজীবন শুরু হয়। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করছেন।
ব্যক্তিজীবনে তাঁর সহধর্মিণী নাসিমা ফেরদৌসী একটি সরকারি কলেজে ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।