নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে আজ থেকে ‘এগারো সিন্দুর মেইল’ ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় স্থানীয় যাত্রী ও এলাকার মানুষ আনন্দিত। এই যাত্রাবিরতি শুরু হওয়ায় যাতায়াত ব্যবস্থা সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, “এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। শিক্ষা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয়রা এ উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা ও সুপারিশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে মেথিকান্দা স্টেশনে আরও আন্তঃনগর ও গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।