জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের বিশ্বাস ও ধর্মচর্চা সম্পর্কে অবস্থান স্পষ্ট করেছেন।
পোস্টে পিয়া জানান, তিনি একজন ফ্যাশন মডেল হওয়ার পাশাপাশি একজন আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা এবং নিজস্ব মত প্রকাশের সঙ্গে তার ধর্মীয় বিশ্বাস তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তিনি উল্লেখ করেন, ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের।
পিয়া লিখেছেন, “ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, এটি একটি দায়িত্ব এবং চর্চা।” এছাড়া তিনি সমালোচনা বিষয়েও মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী নখের পলিশ পরে নামাজ আদায়ের বিষয়ে প্রশ্ন করলে পিয়া জানান, “আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মান সব সময় থাকুক—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।”
শেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জিতেছেন এবং ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। তখন থেকে তিনি মডেলিং, অভিনয়, টিভি উপস্থাপনা এবং আইনজীবী হিসেবে সক্রিয়, এবং সব সময় তার ক্যারিয়ারের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেন।