জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলে সেখানে ‘পাবলিক টয়লেট’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে একটি সংগঠন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন এবং কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে কার্যক্রম শুরু করেন।
এর প্রতিবাদে বিকেলে জুলাই ঐক্য বকশীগঞ্জের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করেন। তারা আওয়ামী লীগের নাম লেখা সাইনবোর্ড খুলে আগুন দেন এবং কার্যালয়টিকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করে ব্যানার টানিয়ে দেন।
এ সময় ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া শহিদুল ইসলাম সানী বলেন, ভবিষ্যতে বগারচর ইউনিয়নে কেউ আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।