লিওনেল মেসিকে নতুনভাবে এফসি বার্সেলোনার সঙ্গে যুক্ত করতে বিস্তৃত পরিকল্পনা তুলে ধরেছেন ক্লাবটির সভাপতি পদপ্রার্থী ভিক্টর ফন্ট। তাঁর প্রস্তাবে মেসিকে সম্মানসূচক সভাপতি করা, নতুন বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলা এবং সুযোগ হলে মাঠে বিদায়ী ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে।
ফন্ট জানান, এক বছরেরও বেশি সময় আগে তিনি এই পরিকল্পনার কথা মেসিকে অবহিত করেছেন। পুরো উদ্যোগটি তিনটি ধাপে বাস্তবায়নের চিন্তা করা হয়েছে—প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক ও ক্রীড়া কাঠামোর মাধ্যমে।
পরিকল্পনার প্রথম অংশে মেসিকে ক্লাবের সম্মানসূচক সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে তিনি বার্সেলোনার ঐতিহ্য ও মূল্যবোধের প্রতীক হয়ে থাকবেন। তবে এটি কার্যকর করতে ক্লাবের গঠনতন্ত্রে পরিবর্তন এনে সাধারণ সভার অনুমোদন প্রয়োজন হবে।
দ্বিতীয় অংশে যুক্তরাষ্ট্রের বাজারে বার্সেলোনার অবস্থান শক্ত করতে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে সম্ভাব্য বাণিজ্যিক সহযোগিতার কথা বলা হয়েছে। ফন্টের মতে, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম শক্তিশালী ব্র্যান্ড, যিনি একসময় ক্লাবের আয়ের বড় অংশ এনে দিয়েছেন।
তৃতীয় ধাপে মেসি চাইলে এবং দল প্রয়োজন মনে করলে স্বল্প সময়ের জন্য ক্রীড়াক্ষেত্রে ফেরার সুযোগ রাখা যেতে পারে। তাঁর বিদায় যেন সংবাদ সম্মেলনে নয়, বরং সমর্থকদের সামনে মাঠে হয়—এমনটাই চান ফন্ট।
মেসির ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটি অনিবার্য আর্থিক পরিস্থিতির কারণে নয়, বরং ভুল ব্যবস্থাপনার ফল। তাঁর দাবি, বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তা মেসির ফেরার পথে প্রধান বাধা।
ফন্ট মনে করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মেসির সঙ্গে ক্লাবের সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে বার্সেলোনার কিংবদন্তিদেরও স্থায়ীভাবে ক্লাবের কাঠামোর সঙ্গে যুক্ত রাখা সম্ভব হবে।