মোংলা পৌরসভায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ করে দিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পৌরসভার আলিয়া মাদরাসা রোড এলাকায় অবস্থিত সরোয়ার হোসেনের মালিকানাধীন মদের দোকানটির দরজা ঝালাই করে বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নামাজ শেষে আলিয়া মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিরা একত্রিত হয়ে দোকানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপর তারা দোকানের সামনে গিয়ে দরজায় ঝালাই করে দোকানটি বন্ধ করেন।
স্থানীয় মুসল্লি আলী আজম জানান, “রমজান মাস শুরুর আগেই দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখতে মালিককে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু মালিক সাড়া না দেওয়ায়, আজ জুমার নামাজ শেষে মুসল্লিরা এই পদক্ষেপ নেন।”
মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, “মদের দোকানটির কাছেই একটি মাদরাসা ও মসজিদ রয়েছে, যেখানে বসে মদ্যপান করে কিছু লোক প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায়, ক্ষুব্ধ মুসল্লিরা এই পদক্ষেপ নিয়েছেন।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।