সরকারি দায়িত্ব পালনের সময় প্রভাব খাটানোর অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। তিনি রাজা চার্লস তৃতীয়–এর ভাই এবং আগেই রাজকীয় উপাধি ও সামরিক সম্মাননা হারান।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আলোচিত অপরাধী জেফ্রি এপস্টেইন–এর সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত জোরদার হয়। অভিযোগের মধ্যে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ছাড়াও কোনো নারীকে তার কাছে পাচার করা হয়েছিল কি না—সে বিষয়টিও রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে নরফোক এলাকা থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। চলমান আইনি প্রক্রিয়ার কারণে গ্রেপ্তার ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তারা বলেছেন, অভিযোগগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করার পরই অনুসন্ধান শুরু হয়েছে এবং নিরপেক্ষতা বজায় রেখে একাধিক সংস্থার সমন্বয়ে কাজ চলছে। বিষয়টি নিয়ে জনমনে আগ্রহ থাকলেও তদন্তের স্বার্থে তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এপস্টেইন–সম্পর্কিত বিতর্ক সামনে আসার পর অ্যান্ড্রু উইন্ডসরের রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান। রাজকীয় সূত্র জানিয়েছিল, নির্ধারিত সময়ের আগেই তাকে ওই বাসভবন ছাড়তে বলা হয়েছিল। গত বছর রাজা চার্লস তৃতীয় তার প্রিন্স উপাধি ও অন্যান্য আনুষ্ঠানিক মর্যাদা প্রত্যাহার করেন।