বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম (হিরো আলম)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়ক সংলগ্ন স্থান থেকে ঢাকায় পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সম্প্রতি সেই পরোয়ানা থানায় পৌঁছালে তাকে ধরতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সঙ্গে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করেন হিরো আলম। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করাতে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় মারধরের অভিযোগও রয়েছে। এতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং পরে গর্ভপাত ঘটে। সিনেমা নির্মাণের কথা বলে তার কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও তদন্তে উঠে এসেছে।
২০২৫ সালের মে মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে অভিযোগপত্র জমা দেয়। প্রাথমিক তদন্তে অন্য কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
এর আগে জামিনে মুক্ত হয়ে নিজ এলাকায় যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম এবং অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। পাশাপাশি বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি।