দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার দিবাগত রাতে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমে পাঠানো বার্তায় জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা, বিশেষ করে ১৭ ফেব্রুয়ারি সংসদের প্রথম দিনে শপথ গ্রহণকে ঘিরে সৃষ্ট জটিলতা এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে মতপার্থক্যের প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সূত্র জানায়, ‘সংবিধান সংস্কার পরিষদ’–এর শপথ বর্জনের সিদ্ধান্ত এবং পরবর্তী করণীয় নিয়ে দলটির পক্ষ থেকে স্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে। এর আগে এনসিপি ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জানিয়েছিল, বিএনপি যদি জুলাই জাতীয় সনদের আলোকে শপথ গ্রহণ না করে, তবে তারাও একই পথ অনুসরণ করতে পারে।
আজকের ব্রিফিংয়ে শপথ-সংক্রান্ত অচলাবস্থা নিরসন, জোট রাজনীতির ভবিষ্যৎ এবং দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে দলটির অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মহলে তাই এই সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।