প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির পরিবর্তে নিজের গাড়িতে চলাফেরা করছেন। বুধবার সাভার ও শেরে বাংলা নগরে তারেক রহমান নিজের টয়োটা গাড়ি ব্যবহার করেন এবং সেখান থেকে সচিবালয়েও একই গাড়িতে আসেন। বিএনপির প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।
যানজট রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। আগে ১৩-১৪টি গাড়ি থাকলেও এখন চারটিতে নামানো হয়েছে। শপথগ্রহণের পর প্রথম কর্মদিবসে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করা হয়েছে। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরে পতাকাযুক্ত গাড়ি ব্যবহার করা হবে।
প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ কষ্ট পান। এ কারণে অধিকাংশ বৈঠক সচিবালয়েই হবে।
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুপাশে পোশাকধারী পুলিশের অবস্থানের প্রথা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে সালেহ শিবলী জানান।