প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় কোনো দলীয় প্রভাব, রাজনৈতিক চাপ বা জোরজবরদস্তির স্থান নেই—আইনের শাসনই হবে সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশনা।
বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণের শুরুতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজও অটুট রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই নতুন যাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রপ্রিয় মানুষের অবিচল সমর্থনের ফলেই দেশে মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে। ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে পাহাড় কিংবা সমতলে বসবাসকারী সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ের দুর্নীতি ও দুঃশাসনের কারণে ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়েই নতুন সরকারকে কাজ শুরু করতে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণই সরকারের প্রধান অগ্রাধিকার।
জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সব সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।