ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফয়জুল করিম-এর সঙ্গে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ইসলামী আন্দোলনের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান তারেক রহমান। বৈঠকে দুই দলের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ ফয়জুল করিম সাক্ষাৎকে ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, দেশের সার্বিক কল্যাণে ঐক্য, সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে দেশ পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারও হয়েছে বলে তিনি জানান।
ফয়জুল করিম বলেন, “আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে পরিশ্রম করি, কারও প্রতি বিরূপতা না রেখে পরামর্শভিত্তিকভাবে দেশ পরিচালনা করতে পারি—সেই বিষয়েই ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এটি সবার কল্যাণের জন্য প্রণীত। “মহাসচিব বলেছেন, নোট অব ডিসেন্ট যদি পার্লামেন্টে পাস হয়, তবে আমরা তা বাস্তবায়ন করবো,”—যোগ করেন তিনি।
শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির জানান, তারা আমন্ত্রণ পেয়েছেন; এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের মধ্যে সংলাপ ও সমঝোতা তৈরির অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।