আগামীকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথগ্রহণের প্রস্তুতি শুরু করে। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবারের অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে।
নির্বাচনের ফল অনুযায়ী বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জিতেছে। শপথ গ্রহণের পর সংসদে বিএনপি’র সংসদীয় বোর্ড সভা অনুষ্ঠিত হবে, যেখানে দলের নেতা নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য জানানো হবে।