ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম, ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
শুক্রবার সকালে দেওয়া ওই পোস্টে তিনি দুটি ছবি কোলাজ আকারে প্রকাশ করেন। একটিতে তাকে বোরকা পরিহিত অবস্থায় দেখা যায়, অন্যটিতে আধুনিক পোশাকে। ছবির বৈপরীত্য তুলে ধরেই তিনি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন।
বাঁধন লেখেন, “এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন।”
তিনি জানান, ছোটবেলা থেকেই দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরেছেন। তার ভাষ্য অনুযায়ী, বোরকা তার কাছে শুধুই একটি পোশাক—কখনো সাধারণ প্রয়োজনে, কখনো জনসম্মুখে নিজেকে আড়াল করার সুবিধাজনক উপায় হিসেবে। বিষয়টি তিনি একেবারেই স্বাভাবিক বলে উল্লেখ করেন।
পোস্টে ইতিবাচক সুরও ছিল। নির্বাচনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “যারা জিতেছেন তাদের আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতাটিও এক ধরনের বিজয়।”
সবশেষে সম্মান ও ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটাই আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমি আমার দেশকে ভালোবাসি।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।