বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক শুল্ক চুক্তিকে দেশের রপ্তানিমুখী পোশাক খাতের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে। দীর্ঘ নয় মাসের নিবিড় আলোচনার ফলে এই গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি অর্জিত হয়েছে।
বিজিএমইএ’র সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। বিশেষ করে মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে তৈরি পোশাক রপ্তানিতে কোনো পাল্টা শুল্ক আর গুণতে হবে না। এতে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের প্রবেশাধিকার বৃদ্ধি পাবে।
পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। মার্কিন দূতাবাস ও ইউএসটিআর-এর সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিজিএমইএ মনে করে, এই সুযোগ কাজে লাগাতে মার্কিন কাঁচামালের মূল্যায়ন ও ট্রেসেবিলিটি নিশ্চিত করা জরুরি। মার্কিন তুলা গুণগতভাবে উন্নত হলেও ব্যয়বহুল বলে স্থানীয় স্পিনাররা প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করতে পারলে রপ্তানি বৃদ্ধির বিশাল সম্ভাবনা তৈরি হবে। এটি পোশাক খাতে নতুন গতি ও কর্মসংস্থান সৃষ্টির পথিকৃৎ হতে পারে।