জাতীয় নির্বাচনের প্রাক্কালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৭টি অভিযোগ তুলেছে বিএনপি। বুধবার রাতে রাজধানীতে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বিএনপির দাবি, বিভিন্ন এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, কেন্দ্র দখলের প্রস্তুতি, জাল ভোট দেওয়ার পরিকল্পনা এবং সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনার তথ্য তাদের কাছে এসেছে। নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে কিছু কর্মকাণ্ড উদ্বেগ সৃষ্টি করছে। তার অভিযোগ, একটি বিশেষ দল ভুয়া তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা সাধারণত কেন্দ্র পরিচালনার খরচ পাঠান। এই স্বাভাবিক প্রক্রিয়াকেও কিছু ক্ষেত্রে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
বিএনপির এসব অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় লেখা হয়, “লাইলাতুল গুজব চলছে”। সেখানে তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি সত্যের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনের আগের রাতে এ ধরনের অভিযোগ ও পাল্টা বার্তায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে।