দেশে চাঁদাবাজির অভিযোগ রোধে ‘চান্দাবাজ ডট কম’ নামে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। এর উদ্যোগ নিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে chandabaaj.com ইউআরএল-এ ওয়েবসাইটটি সক্রিয় হয়। লঞ্চের পরপরই সারাদেশ থেকে ৮টি চাঁদাবাজির অভিযোগ রিপোর্ট জমা পড়েছে। এগুলো যাচাইয়ের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার এলাকায় চাঁদাবাজি দেখলে তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। এতে অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা সহজ হবে।’ তিনি রিপোর্টকারীদের পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়েবসাইটে প্রমাণসহ অভিযোগ জমা দেওয়ার সুবিধা রয়েছে।
এনসিপি নেতা জানান, নির্বাচনের প্রাক্কালে চাঁদাবাজি ও দুর্নীতি বাড়ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ করতে পারবেন এবং একটি ডেটাবেস তৈরি হবে। এছাড়া জাতীয় হটলাইন চালুর পরিকল্পনাও আছে।
নির্বাচনী সময়ে ব্যবসায়ী, নির্মাণকর্মী ও স্থানীয় প্রতিষ্ঠানের উপর চাঁদাবাজির অভিযোগ বেড়েছে। ওয়েবসাইটটি এসব ঘটনা ডকুমেন্ট করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রিপোর্টগুলো বাস্তবে রূপ দেবে।