আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী নির্বাচনী কার্যক্রমের তদারকি করতে বিমানবাহিনী এবার নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে। বিমানবাহিনীর মানববিহীন আকাশযান (ইউএভি) দেশের আকাশে সার্বক্ষণিক নজরদারি করবে, যা ভোটের মাঠে পর্যবেক্ষণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এ তথ্য জানানো হয়। কর্মকর্তারা জানান, বাংলাদেশ বিমান বাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর এবং এজন্য তারা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এছাড়া, বিমান বাহিনীর ৩৭৩০ জন সদস্য সারাদেশে নিয়োজিত থাকবেন, যাদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করবেন হেলিকপ্টার, পরিবহন বিমান এবং একাধিক ইউএভি। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ইউএভি গুলো মনিটরিং সেল এবং প্রধান উপদেষ্টা দপ্তরের সাথে সংযুক্ত থাকবে, যা সরাসরি লাইভ ফিডের মাধ্যমে নির্বাচন পরিচালনার কাজ তদারকি করবে।
ইউএভি গুলো নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সক্ষম এবং সেগুলো আকাশ থেকে ভূমিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্রুততর সহায়তা প্রদান করবে। নিরাপত্তার জন্য বিমান বাহিনী ইতোমধ্যেই এসব যান মোতায়েন করেছে এবং এগুলো দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিমান বাহিনীকে নির্বাচনী মাঠের লাইভ ফিড দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নির্বাচন পরিচালনার পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হয়।