গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে খাওয়ার উপকারিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচার দেখা যায়। অনেকেই দাবি করেন, নিয়মিত এই পানীয় পান করলে দ্রুত ওজন কমে, শরীর বিষমুক্ত হয়, হজম ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে বিজ্ঞান কী বলছে—সেসব দাবির কতটা সত্য?
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে পুষ্টিবিদ ও গবেষকেরা জানিয়েছেন, গরম পানিতে লেবু মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে এটিকে অলৌকিক বা সব সমস্যার সমাধান হিসেবে দেখার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
শরীর হাইড্রেট রাখতে সহায়ক
বিশেষজ্ঞদের মতে, সকালে লেবু পানি পান করার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরকে আর্দ্র বা হাইড্রেট রাখতে সাহায্য করে। রাতে দীর্ঘ সময় কিছু না খাওয়ার পর শরীরের জন্য তরল গ্রহণ জরুরি। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ এবং ত্বক সুস্থ রাখতে সহায়তা করে। তবে এই সুবিধা শুধু লেবুর কারণে নয়, সাধারণ পানি বা অন্য পানীয় থেকেও পাওয়া যায়।
হজমে কিছুটা সহায়তা করতে পারে
হজম ভালো রাখতে তরল গ্রহণ গুরুত্বপূর্ণ। কিছু ছোট গবেষণায় দেখা গেছে, লেবুর রস পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ সামান্য বাড়াতে পারে, যা খাবার ভাঙতে সহায়ক হতে পারে। তবে এই বিষয়ে বড় কোনো গবেষণা এখনো নেই।
রোগ প্রতিরোধ ক্ষমতায় ভূমিকা
লেবুতে ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্ষত সারাতে সাহায্য করে। একটি বড় লেবুর অর্ধেক রসে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সির প্রায় এক-চতুর্থাংশ পাওয়া যায়। তবে গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করলে সর্দি-কাশি পুরোপুরি প্রতিরোধ করা যায়—এমন প্রমাণ নেই।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৭০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম পানিতে লেবুর রস দিলে ভিটামিন সি দ্রুত নষ্ট হয়ে যায়।
ওজন কমানোর বিষয়ে বাস্তবতা
গরম লেবু পানি ওজন কমানোর জাদুকরী উপায়—এমন প্রচার থাকলেও শক্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে কেউ যদি চিনি মেশানো পানীয়ের বদলে লেবু পানি পান করেন, তাহলে কম ক্যালোরি গ্রহণের কারণে ওজন কমতে পারে।
ডায়াবেটিস ঝুঁকি কমানোর সম্ভাবনা
কিছু গবেষণায় দেখা গেছে, টক ফল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে এ বিষয়ে এখনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
গরম লেবু পানি একটি স্বাস্থ্যকর পানীয় এবং চিনি মেশানো পানীয়ের ভালো বিকল্প হতে পারে। সকালে এটি পান করলে সতেজ অনুভূতি পাওয়া যায়। তবে এটিকে ডিটক্স বা দ্রুত ওজন কমানোর অলৌকিক উপায় হিসেবে দেখার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।