ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ সোমবার (৯ ফেব্রুয়ারি) এ আবেদন করেন।
রিটে নাহিদ ইসলাম, নির্বাচন কমিশনের সচিব এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা তার প্রার্থিতা নিয়ে আইনি প্রশ্ন তৈরি করেছে।
জানা গেছে, বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।
উল্লেখ্য, একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আগে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ ইসলাম। সেই আবেদন খারিজ হলে তিনি আপিল বিভাগের চেম্বার আদালতে যান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার একটি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।