আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আহ্বানে এ সভা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বার্ষিক ছুটি ও এর ক্যালেন্ডার অনুমোদন, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রশাসনিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি উপস্থিত থাকবেন।
প্রতিবছর আদালতের কার্যক্রম ও প্রশাসনিক পরিকল্পনা নির্ধারণে ফুলকোর্ট সভা একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে বিবেচিত হয়। বিচার বিভাগের অভ্যন্তরীণ সমন্বয় ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে এ সভার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে কর্মকর্তারা জানিয়েছেন।