ঘূর্ণিঝড় ‘মারতা’র প্রভাবে স্পেনের ১৩টি স্বায়ত্তশাসিত অঞ্চলসহ সেউতা ও মেলিলায় বৃষ্টি, তুষারপাত ও প্রবল বাতাসের সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা এইমেট জানিয়েছে, রোববার এই ঝড় উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পুরো আইবেরিয়ান উপদ্বীপে অস্থির আবহাওয়া সৃষ্টি করবে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।
মধ্য ও উত্তর স্পেনের পাহাড়ি এলাকায় তুষারপাতের কারণে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আভিলা, লেওন, জামোরা ও মাদ্রিদ অঞ্চলে কমলা সতর্কতা দেওয়া হয়েছে, যেখানে সর্বোচ্চ ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে। তুষারপাতের সীমা ১ হাজার থেকে ১ হাজার ৩০০ মিটার উচ্চতার মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়ের কারণে প্রবল বাতাসও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। গ্রানাদা, আলমেরিয়া, মুরসিয়া ও আলিকান্তে উপকূলীয় এলাকায়, পাশাপাশি ইবিসা ও ফরমেন্তেরা দ্বীপে বাতাসের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সেউতা ও মেলিলাতেও শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তাপমাত্রার দিক থেকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তর ও দক্ষিণের মালভূমি অঞ্চল, গালিসিয়া, গুয়াদালকিবির উপত্যকা এবং উত্তর-পূর্ব স্পেনের অভ্যন্তরীণ এলাকায় কিছুটা বাড়তে পারে। তবে পূর্ব কান্তাব্রিয়া, মেলিলা এবং পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় তাপমাত্রা কমতে পারে।
সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দালুসিয়া অঞ্চলে, বিশেষ করে জিব্রাল্টার প্রণালি ও আলবোরান সাগর উপকূলে। এছাড়া বালিয়ারিক দ্বীপপুঞ্জ, কাস্তিয়া ই লেওনের পশ্চিমাংশ, গালিসিয়া, উত্তর-পূর্ব কাতালোনিয়া এবং কান্তাব্রিয়ান উপকূলেও বৃষ্টি হতে পারে। দিনের শেষ ভাগে পশ্চিম স্পেনে নতুন একটি আবহাওয়া ফ্রন্ট সক্রিয় হয়ে আবারও বৃষ্টিপাত বাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।