জাতীয় নির্বাচনের নেত্রকোনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য লুত্ফর জামান বাবর নির্বাচনের প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, একাত্তর এবং চব্বিশ—এই দুটি অধ্যায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। তাঁর মতে, বাংলাদেশের ইতিহাস ও বর্তমান বাস্তবতা বোঝার জন্য এই দুটি সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রচারণা সভায় লুত্ফর জামান বাবর বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্মই হতো না। একইভাবে ২০২৪ সালের গণআন্দোলন না ঘটলে দেশ স্বৈরশাসন ও ফ্যাসিবাদ থেকে মুক্তি পেত না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “একাত্তর আমাদের স্বাধীনতা দিয়েছে, আর চব্বিশ আমাদের মুক্তির পথ দেখিয়েছে। এই দুই অধ্যায় একে অপরের পরিপূরক।” এ সময় তিনি ইতিহাসকে বিকৃত না করে সঠিকভাবে উপস্থাপনের আহ্বান জানান।
লুত্ফর জামান বাবর আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ দমন-পীড়ন ও মতপ্রকাশের সংকটে ভুগেছে। ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে মানুষ সেই ভয় ও নিপীড়নের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ইতিহাসের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি।