জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছরে দেশের অর্থব্যবস্থা ব্যাপক লুটপাটের শিকার হয়েছে। কেউ ফেরেশতা ছিলেন না সবাই বেশি-কম অংশ নিয়েছেন। শুধু গত ১৭ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে দলের শেষ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। স্থানীয় সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বলেন, “আমি আপনাদের পাহারাদার হয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ব। চিংড়ির মতো হামাগুড়ি না করে সিংহের মতো এগোব।”
ডাঃ শফিকুর রহমান জানান, দায়িত্ব পেলে চোরেরা শান্তিতে থাকতে পারবে না—পেট থেকে টাকা বের করে কোষাগারে জমা হবে। ঘুষের প্রয়োজন বা সাহস কারো থাকবে না। জনগণের সম্পদ ফেরত নিয়ে দেশের চেহারা বদলে যাবে—১২ তারিখ নতুন ইতিহাস, ১৩ তারিখ নতুন সূর্যের উদয়।
৫ আগস্টের মুক্তির পর মজলুমদের জালিম হতে নিষেধাজ্ঞা দিয়েছিলাম বলে যারা শুকরিয়া আদায় করেছে, তাদের অভিনন্দন। সুনামগঞ্জের বাঁধ-কাটা ইঁদুর বন্ধ, জেলের জলাশয় দখল রুখে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে। রাজার-রানির সন্তানদের রাজত্ব বন্ধ।
বক্তব্য শেষে সিলেট ও সুনামগঞ্জের ৯টি আসনের প্রার্থী পরিচয় করিয়ে দাঁড়িপাল্লা, দেওয়ালঘড়ি ও রিকশা প্রতীক নিয়ে স্লোগান তোলেন। অন্যান্য বক্তা ছিলেন মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি শাহজাহান আলীসহ জেলা নেতারা।