স্পেনের রাজধানী মাদ্রিদে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাতীয় পুলিশ। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি নিজের নাবালিকা মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে তা অনলাইনে সরাসরি ভিডিও আকারে সম্প্রচার করত। এসব কাজের বিনিময়ে সে ভার্চুয়াল মুদ্রা ও ইন্টারনেটে জনপ্রিয়তা অর্জন করত।
পুলিশ জানিয়েছে, শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধের অভিযোগ জানাতে নির্ধারিত ই-মেইলে এক নাগরিকের পাঠানো তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অনলাইন অ্যাপের ব্যক্তিগত কক্ষে মেয়ের সঙ্গে তোলা ছবি দেখিয়ে দর্শকদের আকৃষ্ট করত। পরে অন্য একটি অ্যাপে সে নির্যাতনের দৃশ্য সরাসরি দেখাত।
এই সম্প্রচার দেখে দর্শকদের কাছ থেকে সে ভার্চুয়াল মুদ্রা পেত। এসব মুদ্রা ব্যবহার করে সে ওই প্ল্যাটফর্মে নিজের পরিচিতি ও জনপ্রিয়তা বাড়াত এবং বিভিন্ন উপহার সংগ্রহ করত।
দীর্ঘ তদন্তের পর পুলিশ ডিসেম্বর মাসে তাকে গ্রেপ্তার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেখানে বিপুল পরিমাণ অশ্লীল ও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত উপাদান পাওয়া গেছে।
আদালতে তোলার পর অপ্রাপ্তবয়স্কের প্রতি যৌন নির্যাতন এবং শিশু পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের গুরুতর অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, এই তদন্তের নাম দেওয়া হয়েছে “অপারেশন এসকুইল”। গত দুই বছরে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগের জন্য চালু করা হেলপলাইন ই-মেইলে পাঁচ হাজারেরও বেশি তথ্য এসেছে। এসব অভিযোগের ভিত্তিতেই পুলিশ সফলভাবে অভিযান পরিচালনা করতে পেরেছে।