ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং সংগঠনের দুই নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে। তবে কীভাবে এবং কোথায় এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরেকটি বার্তায় ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, চিকিৎসা শেষে আবার রাজপথে কর্মসূচিতে ফিরে আসবে এবং ততক্ষণ পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।