মধ্যপ্রাচ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯ তারিখে পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান একাডেমি জানিয়েছে, ওই দিন চাঁদ দেখা সম্ভব হবে না।
একাডেমির বিশ্লেষণ অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স থাকবে মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট। সূর্যাস্তের ঠিক আগে চাঁদও অস্ত যাবে, অর্থাৎ সূর্য ও চাঁদ প্রায় একই সময়ে দিগন্তের নিচে নেমে যাবে। এ কারণে সেদিন সন্ধ্যায় রমজানের অর্ধচন্দ্র দেখা যাবে না।
সংস্থাটি আরও জানায়, শুধু খালি চোখে নয়, আধুনিক টেলিস্কোপ ব্যবহার করেও ওই দিন চাঁদ পর্যবেক্ষণ করা সম্ভব হবে না। তাদের দাবি, ইসলামিক বিশ্বের কোথাও সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
তবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পশ্চিম আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। তখন চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা এবং এটি দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি ২১ আর্ক-মিনিট উচ্চতায় অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই অঞ্চলে প্রথম রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।
একাডেমি আরও জানিয়েছে, যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান শুরুর তারিখ নির্ধারণ করে, তারা ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু করতে পারে।