আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনাসদস্যরা টহল দেবেন যা পূর্ববর্তী কোন নির্বাচনে করা হয়নি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে ইন এইড টু সিভিল পাওয়ার কার্যক্রম সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এবার এক লাখের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম ২০ জানুয়ারি থেকে কার্যকর রয়েছে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে।
অন্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন পরিস্থিতি ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, “সেনাসদস্যদের ভোটকেন্দ্র পর্যন্ত টহল প্রদানের অনুমতি দেয়া হয়েছে, যাতে ভোটাররা নিরাপদে এবং ভয়মুক্ত পরিবেশে কেন্দ্রে যাতায়াত করতে পারেন।” এই অনুমতি পূর্বের নির্বাচনে ছিল না।
সেনাবাহিনীর প্রধান সিদ্ধান্ত নিয়েছেন যাতে ন্যূনতম প্রয়োজনীয় সদস্যগণ ব্যারিকে অবস্থান করে বাকি সদস্যরা মাঠে মোতায়েন থাকেন এবং নির্বাচনী সময়জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল, পর্যবেক্ষণ ও প্রয়োজনে সহায়তা প্রদানে প্রস্তুত থাকবে।
এসময় তিনি আরও জানান, সেনাবাহিনীর নিজস্ব যানবাহন কিছুটা অপ্রতুল হওয়ায় অসামরিক প্রশাসনের থেকে যানবাহন সহায়তা নেয়া হয়েছে এবং প্রয়োজনে বেসরকারিভাবে গাড়ি ভাড়ার ব্যবস্থা করে টহল কার্যক্রম চালানো হচ্ছে।
সেনাসদস্যদের অক্লান্ত পরিশ্রমের উল্লেখ করে সামরিক অপারেশন্স বিভাগের এক কর্মকর্তা বলেন, “এই টহল কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হলো ভোটারদের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।”