বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে “গুপ্ত” পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’
তিনি অভিযোগ করেন, একটি দল নির্বাচনের আগেই নানা অনিয়ম ও প্রতারণায় জড়াচ্ছে। তার ভাষায়, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে, নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই জনগণের সঙ্গে প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’
বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকতে হবে। জনগণ পাশে না থাকলে কী হয়—তা ৫ আগস্ট আমরা দেখেছি।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর লক্ষ্য করেছি, স্বৈরাচার যেভাবে জনগণের সঙ্গে কথা বলত, গুণীজনদের অপদস্থ করত, মানুষকে ছোট করত—দুঃখজনকভাবে সেই রীতি বন্ধ হয়নি। একটি দল, যারা গুপ্ত পরিচয়ে পরিচিত, তারা এখন নতুন জালিম হিসেবে দেশের মানুষের সামনে হাজির হয়েছে।’
নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের একজন নেতা প্রকাশ্যে নারীদের উদ্দেশে কলঙ্কিত ভাষা ব্যবহার করেছেন। যারা মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে দেশের মানুষ আত্মমর্যাদাসম্পন্ন আচরণ আশা করতে পারে না।’
তিনি বলেন, ‘গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন—১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, আর ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এই বক্তব্যই প্রমাণ করে তারা জনগণকে কতটা তুচ্ছ মনে করে এবং তাদের মানসিকতা কোন পর্যায়ের।’
তারেক রহমান সতর্ক করে বলেন, ‘এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিসহ জীবন নেমে আসবে, তা সহজেই অনুমান করা যায়। তাই এই গুপ্তদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে এবং উপযুক্ত শিক্ষা দিতে হবে। আগামীর বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে।’