২০২৬ সালের জানুয়ারি মাসে স্পেনের কাতালোনিয়া অঞ্চলে মোট চাকরি হারিয়েছে প্রায় ৫০ হাজার (৪৭,৯৪১) মানুষ। একই সময়ে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ২১৪ জনে, যা আগের মাসের তুলনায় ১,৯৭৮ জন বেশি। মঙ্গলবার স্পেনের অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের শুরুতে মৌসুমি প্রভাবের কারণেই এই নেতিবাচক চিত্র দেখা গেছে।
জানুয়ারিতে কাতালোনিয়ায় কর্মসংস্থান কমার হার ছিল ১.২৪ শতাংশ, যা জাতীয় গড়ের সমান। তবে মাসিক বেকারত্ব বৃদ্ধির হার ছিল ০.৬১ শতাংশ, যা স্পেনজুড়ে গড় ১.২৬ শতাংশের তুলনায় কম। প্রদেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বার্সেলোনায়। সেখানে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নিবন্ধিত কর্মীর সংখ্যা কমেছে ৩৩,৭৬৬ জন এবং নতুন করে ১,১০৬ জন বেকার যোগ হয়েছে। এ ছাড়া তারাগোনায় বেকার বেড়েছে ৪৭১ জন, জিরোনায় ৩২৬ জন এবং লেইদায় ৭৫ জন।
বিশেষজ্ঞদের মতে, ক্রিসমাস ও নববর্ষের মৌসুম শেষ হওয়া, শীতকালীন ছুটি, শীতের সেল বা ছাড়ের সময়কাল এবং বছরের শুরুতে প্রতিকূল আবহাওয়াই জানুয়ারিতে শ্রমবাজারে এই পতনের প্রধান কারণ। একই ধরনের প্রবণতা স্পেনের প্রায় সব স্বায়ত্তশাসিত অঞ্চলে দেখা গেছে। তবে ব্যতিক্রম ছিল বালেয়ারিক দ্বীপপুঞ্জ, যেখানে বেকারের সংখ্যা ১,২৬০ জন কমেছে, এবং মেলিয়া, যেখানে ১০ জন কম বেকার হয়েছে। অন্যদিকে, মাদ্রিদে বেকার বেড়েছে সবচেয়ে বেশি—৩,৬৫৯ জন।
এদিকে বার্ষিক হিসাবে স্পেনের শ্রমবাজারে ইতিবাচক চিত্র বজায় রয়েছে। গত এক বছরে দেশটিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত কর্মীর সংখ্যা প্রায় ৫ লাখ বেড়েছে। সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এলমা সাইস জানান, ইউরোপে যে নতুন চাকরি তৈরি হয়েছে, তার প্রতি দশটির মধ্যে চারটিই স্পেনে। তাঁর ভাষায়, জানুয়ারি শেষে গড় হিসাবে স্পেনে ২ কোটি ১৬ লাখ মানুষ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত ছিলেন, আর মৌসুমি প্রভাব বাদ দিলে এই সংখ্যা দাঁড়ায় ২ কোটি ১৯ লাখে।
সব মিলিয়ে, জানুয়ারিতে কাতালোনিয়ায় চাকরি ও কর্মসংস্থান কমলেও, দীর্ঘমেয়াদে স্পেনের শ্রমবাজার এখনও তুলনামূলকভাবে শক্ত অবস্থানেই রয়েছে।