আগামীকাল মঙ্গলবার রাতে সারা বাংলাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪-১৫ তারিখের মধ্যবর্তী এ রাতকে ‘লাইলাতুল বরাত’ নামেও ডাকা হয়, যা মুসলমানদের কাছে সৌভাগ্য ও রহমতের রাত হিসেবে বিশেষ।
পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাণী জারি করে বলেন, এটি আল্লাহর রহমত লাভের অসাধারণ সুযোগ। তিনি দেশ-জাতির কল্যাণে প্রার্থনা ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ইবাদত, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে ক্ষমা ও বরকত লাভ সম্ভব। আগামী বুধবার এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের পর ওয়াজ মাহফিল শুরু হবে। সন্ধ্যা ৬:৩০ মিনিটে মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী ও রাত ৮:৩০ মিনিটে ড. আ ফ ম খালিদ হোসেন লাইলাতুল বরাতের ফজিলত ও শিক্ষা নিয়ে ওয়াজ করবেন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। ফজরের পর মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের আখেরি মোনাজাতে অনুষ্ঠান শেষ হবে। সারা রাত মসজিদ মুসল্লিদের জন্য খোলা থাকবে।
মসজিদগুলোতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ অনুষ্ঠান হবে। বিটিভি, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলগুলো ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, জিকির, মিলাদের মাধ্যমে রাত কাটাবেন এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করবেন।