তুরস্কের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) এসব দুর্ঘটনা ঘটে বলে আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
দেশটির জনপ্রিয় পর্যটন নগরী আনতালিয়ার কাছে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন জানান, আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি জানান, পশ্চিমাঞ্চলীয় তেকিরদাগ শহর থেকে আনতালিয়ার উদ্দেশে যাত্রাকালে ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে বাসটিতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।
গভর্নর হুলুসি সাহিন বলেন, দুর্ঘটনাস্থলটি একটি ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে দ্রুতগতিতে যানবাহন চালানো উচিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কই দুর্ঘটনার অন্যতম কারণ।
এদিকে সংবাদ সংস্থা ডিএইচএ জানিয়েছে, আনতালিয়া থেকে ইস্পার্তার দিকে যাওয়ার পথে বুরদুর এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
উল্লেখ্য, আনতালিয়াসহ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। প্রতি বছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক এখানে ভ্রমণ করেন। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।