জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘আপত্তিকর ও অবমাননাকর’ মন্তব্য প্রকাশের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, “জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে যে চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।”
তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের হেয় করে মন্তব্য প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সমালোচনা চলার মধ্যেই শনিবার রাতে ডা. শফিকুর রহমান দাবি করেন, তাঁর এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।
নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।