পর্তুগালের সরকার আগামী সোমবার সংসদে এমন একটি বিল পেশ করতে যাচ্ছে, যার লক্ষ্য ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা। বিলটির মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করার প্রস্তাব করা হয়েছে, যাতে শিশুরা অবাধে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে।
১৩ থেকে ১৬ বছর বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে অ্যাকাউন্ট খোলার জন্য পিতামাতার অনুমোদন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। বয়স যাচাইয়ের জন্য “ডিজিটাল মোবাইল কী” ব্যবহার করা হবে, যা ব্যবহারকারীর বয়স নিশ্চিত করবে কিন্তু অন্যান্য ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে না।
তবে এই প্রস্তাবের আওতায় হোয়াটসঅ্যাপকে বাদ রাখা হয়েছে, কারণ এটি অভিভাবক ও সন্তানের মধ্যে যোগাযোগের একটি প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত। পিএসডি-র সংসদীয় নেতা হুগো সোয়ারেস মন্তব্য করেছেন, “সমাজের সবচেয়ে কমবয়সী সদস্যদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব,” এবং এই আইন সেই দায়িত্ব পালনের একটি পদক্ষেপ।
বিলে প্ল্যাটফর্মগুলোর জন্য অতিরিক্ত বাধ্যবাধকতাও নির্ধারণ করা হয়েছে। তাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে, যা সন্দেহজনক বা অশালীন যোগাযোগ সীমিত করবে বিশেষ করে শিশুদের উদ্দেশ্যে কোনো যৌন বিষয়বস্তু প্রেরণ বা প্রচার রোধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই আইনের বাস্তবায়ন তদারকি করবে জাতীয় যোগাযোগ কর্তৃপক্ষ (আনাকম) এবং তথ্য সুরক্ষা কমিশন (সিএনপিডি)। প্রস্তাব অমান্য করলে কোম্পানিগুলোর ওপর সর্বোচ্চ দুই মিলিয়ন ইউরো পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।
চূড়ান্ত অনুমোদনের আগে সংসদ এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেবে। আগামী মাসে আইন প্রস্তাবটি প্রজাতন্ত্রের পরিষদের আলোচ্যসূচিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।