জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার কেরানীগঞ্জের সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আশ্চর্য হই—যেদিকে আগাতে চাই, একটা দল সামনে এসে সেটাকে বাদ দিয়ে দেয়। আমাদের সামনে এগোতে দেয় না। এর সাক্ষী এ জাতি।”
গণভোট ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সংস্কার প্রস্তাব যাবে, গণভোট হবে—এটা বলা হলে তারা প্রশ্ন তোলে, গণভোট আবার কিসের? এরপর ধাক্কা খেয়ে যখন মানলো, তখন বললো গণভোট একই দিনে হতে হবে। আমাদের দাবি ছিল, আগে গণভোট হোক—তাহলে গণভোটও সুন্দর হবে, সংসদ নির্বাচনও সুন্দর হবে। তাদের দাবির প্রেক্ষিতে তাই করা হলো। এখন আবার বলে, তারা গণভোট মানে না।”
তিনি আরও বলেন, “এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাইছে, তখন তারা গতকাল থেকে একটু একটু করে কথা বলা শুরু করেছে। আসলে এরেই বলে—ঠেলার নাম বাবাজি। এই জাতি যাকে ধাক্কা দেয়, তাকে আর ছেড়ে দেয় না।”
জুলাই প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আফসোস, কেউ কেউ জুলাই শহিদদের তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করেছিল। জুলাইকে কোনো স্বীকৃতিই দিতে চায়নি। আবার যখন দেখলো—জুলাই বাংলাদেশ, মানুষ জুলাইয়ের সঙ্গে মিশে গেছে—তখন বলে, আমরাই নাকি জুলাইয়ের মাস্টারমাইন্ড। একবার মানে না, আবার মাস্টারমাইন্ড হয়ে যায়।”
তিনি আরও বলেন, “জুলাইকে সম্মান করার নামে চাঁদাবাজি হতে পারে না। জুলাইয়ের নামে দুর্নীতি হতে পারে না। নিরীহ মানুষের জমি দখল করা যায় না। measured মামলা বাণিজ্য হতে পারে না। আমার মায়ের গায়ে হাত তোলা যায় না—এটা কখনোই জুলাই চেতনা হতে পারে না।”