বছরের শুরুতেই অভিনয়জীবনে আরও একটি গৌরবময় স্বীকৃতি অর্জন করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে ‘কুসুম’ চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা উঠে আসে জয়ার হাতে।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসান লেখেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ অনুষ্ঠানে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’
এই পোস্টে মুহূর্তেই শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বয়ে যায়। বাংলাদেশ ও কলকাতার অসংখ্য অভিনয়শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা জয়ার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।
‘কুসুম’ চরিত্রটি নিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন,
‘বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কুসুমেরও নিজের কামনা-বাসনা রয়েছে, যা সে লুকায় না। কুসুম একটা খোলা বইয়ের মতো—তার মন, শরীর ও আত্মা একই সুরে কথা বলে। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে ভীষণ সতেজ ও খোলা মনের এক চরিত্র।’
জয়া আরও জানান, অনেক আগে ছবিটির শুটিং শেষ হলেও কুসুম চরিত্রটি আজও তাঁর ভেতরে রয়ে গেছে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৪-৩৫ সালে ভারতবর্ষ সাময়িকীতে। প্রকাশের প্রায় ৯০ বছর পর সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি। গত আগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন জয়া আহসান (কুসুম), আবীর চট্টোপাধ্যায় (শশী), পরমব্রত চট্টোপাধ্যায় (কুমুদ), ধৃতিমান চট্টোপাধ্যায় (যাদব) ও অনন্যা চট্টোপাধ্যায় (সেনদিদি)।