নওগাঁর মহাদেবপুর উপজেলায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল একটি ডাম্প ট্রাক। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ভোর পাঁচটার দিকে আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসা শুরুর কিছু সময়ের মধ্যেই তারা মারা যান। ফলে দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।