বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। বরং তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক সাহসী ও আপসহীন সৈনিক।
শুক্রবার সকালে ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য আমরা বেগম খালেদা জিয়াকে আন্তরিক অভিনন্দন জানাই। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় ফেনীবাসীর উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। ১৮ কোটি মানুষের দেশে কোনো জেলা স্বাস্থ্যসেবায় বঞ্চিত থাকবে না। আল্লাহ যদি দেশসেবার সুযোগ দেন, তবে ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সীমান্ত ও বাঁধ সমস্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মুহুরী নদীর বাঁধ সমস্যার কারণে ফেনী দীর্ঘদিন ধরে বন্যার ঝুঁকিতে রয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ ও সম্মানজনক আলোচনা প্রয়োজন। দেশের স্বার্থ রক্ষায় কোনো বিষয়েই আপস করা হবে না বলে তিনি উল্লেখ করেন।
জনসভা শেষে ডা. শফিকুর রহমানের ব্যস্ত নির্বাচনী সফরসূচির কথাও জানানো হয়। আজ বিকেলে তিনি লক্ষ্মীপুর, কুমিল্লার লাকসাম ও কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। শনিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় পথসভা শেষে ঢাকায় ফিরে ঢাকা-১১ ও ঢাকা-১০ আসনে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।