২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো গঠনের সময় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী ও ঝুঁকিপূর্ণ দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করে থাকে।
জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে পিসবিল্ডিং কমিশন গঠিত। বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই এর সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে পিসবিল্ডিং কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করে।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তাঁরা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পিসবিল্ডিং কমিশনের গুরুত্ব তুলে ধরেন।
এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় এবং জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রমে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।