শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শেরপুর সদর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, শাহিনুল ইসলাম প্রায় পাঁচ মাস আগে শেরপুর সদর থানায় যোগ দেন। বুধবার রাতে নাইট ডিউটি শেষে তিনি বাগিতে বাসায় ফিরে যান। পরে তার স্ত্রী বাসায় তাকে রেখে গ্রামের বাড়ি জামালপুরে চলে যান।
ওসি জানান, পরে শাহিনুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা না গেলে তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে শ্যালকসহ বাসায় ফিরে আসেন। বাসার দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে শ্যালক দেখতে পান—গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহিনুল ইসলাম ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের পর থেকে তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।