ইরানের প্রভাবশালী নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাস।
তিনি জানান, চলতি বছরের শুরুতে ইরানে বিদেশি মদদপুষ্ট বিক্ষোভ দমনের নামে ব্যাপক দমন-পীড়নের ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ। এই ঘোষণার ফলে আইআরজিসির সব সদস্যের সম্পদ জব্দ, আর্থিক লেনদেন নিষিদ্ধ এবং ইউরোপজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদিও তাদের অনেকেই আগে থেকেই ইইউর নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।
এ বিষয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কাজা কালাস বলেন, কোনো ধরনের দমন-পীড়ন বা মানবাধিকার লঙ্ঘনকে ইইউ কখনোই প্রশ্রয় দেয় না। তিনি মন্তব্য করেন, যে সরকার ক্ষমতা ধরে রাখতে নিজের জনগণের ওপর নির্মম দমন চালায়, তারা নিজেরাই নিজেদের পতনের পথ তৈরি করে।
ইইউর এই সিদ্ধান্তকে ইরানের সাম্প্রতিক রক্তক্ষয়ী দমননীতির বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে উল্লেখ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। এএফপিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আন্দোলন দমনের নামে তেহরান যে নিষ্ঠুরতা দেখিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।