নির্বাচনে জামায়াত বিজয়ী হলে বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এবং জামায়াত ক্ষমতায় এলে ‘পেটের ভেতরে হাত ঢুকিয়ে’ এই জনগণের টাকা উন্নয়ন খাতে যুক্ত করা হবে।
বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় এ প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে, যেখানে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে।
চাঁদাবাজি বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াতের নেতা-কর্মীরাও মাঠে নামবে বলে জানান জামায়াত আমির। এ সময় তিনি তারেক রহমানের দুর্নীতির অভিযোগের জবাব দিয়ে বলেন, ২০০১-২০০৬ সালে চার দলীয় জোটের আমলে জামায়াতের মন্ত্রীরা কোনো দুর্নীতিতে জড়াননি এবং মন্ত্রণালয়গুলো দুর্নীতির হাত থেকে রক্ষা করতেই দায়িত্ব ছাড়েননি।
এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইন উদ্বোধনে তিনি বলেন, নতুন বাংলাদেশে ভূখণ্ড নয়, চরিত্র ও দৃষ্টিভঙ্গি বদলাবে এবং গত ৫৪ বছরের শাসনকালে জুলুম ও ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে।