বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীর ওপর একটি ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উজানে ভারতের ফারাক্কা ব্যারাজের কারণে পদ্মা নদী পানিশূন্য হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে মানুষের জীবন ও জীবিকায়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, পদ্মা নদীতে পানি না থাকায় এই অঞ্চলে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র প্রকল্প সম্প্রসারণ, খাল-বিল পুনঃখনন, পদ্মা নদী খনন এবং ব্যারাজ নির্মাণের কাজ শুরু করা হবে।
জনসভায় তিনি রাজশাহী অঞ্চলের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন, আইটি পার্ক কার্যকর করা, ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা, শিক্ষিত যুবকদের স্বাবলম্বী করা, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা।
এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফ, বিশেষ সহায়তায় মিল-ফ্যাক্টরি স্থাপন এবং কৃষিনির্ভর শিল্পায়ন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে এবং সংঘাত বা বিশৃঙ্খলা চায় না। তিনি বলেন, কেবল সমালোচনা করে মানুষের জীবনমান পরিবর্তন করা যায় না, বাস্তব কাজের মাধ্যমেই উন্নয়ন সম্ভব।
ভোট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারও একটি মহল গোপনে ভোটকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিএনপির কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে দল হিসেবে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। তবে তদন্ত ও বিচার অবশ্যই প্রচলিত আইনের আলোকে হতে হবে—এ কথাও স্পষ্ট করেন তিনি।