দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে পা রাখলেন ব্যবসায়িক জগতে। নিজ উদ্যোগে শুরু করেছেন একটি নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড—‘তামান্না ফাইন জুয়েলারি’। এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ লিড হিসেবেও কাজ করছেন তিনি নিজেই।
তামান্না জানান, ‘উৎসবকেন্দ্রিক নয়, বরং প্রতিদিনের জীবনের অংশ’—এই ভাবনা থেকেই ‘তামান্না ফাইন জুয়েলারি’র জন্ম। তার ভাষায়, অলংকারের প্রতি ভালোবাসা বরাবরই থাকলেও, নির্দিষ্ট উপলক্ষ ছাড়া জুয়েলারি পরার সুযোগ খুব কম দেখা যায়। সেই ধারণা ভাঙতেই এই উদ্যোগ।
এই ব্র্যান্ডের জুয়েলারিগুলো ১৪ ও ১৮ ক্যারেট স্বর্ণ, প্রাকৃতিক হীরা ও রত্নপাথর দিয়ে তৈরি, যা দৈনন্দিন ব্যবহারের উপযোগী ক্যাজুয়াল ডিজাইনে উপস্থাপন করা হয়েছে। তামান্নার মতে, অলংকার কেবল সৌন্দর্যের অনুষঙ্গ নয়, বরং একজন মানুষের ব্যক্তিত্ব ও অনুভূতির প্রকাশ।
কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই নিত্যদিনের স্টাইল স্টেটমেন্ট হিসেবে জুয়েলারিকে তুলে ধরাই এই ব্র্যান্ডের মূল উদ্দেশ্য। এই উদ্যোগে তামান্নার সঙ্গে যুক্ত রয়েছেন তার বাবা সন্তোশ ভাটিয়া। ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন ও রিটেইল—সবকিছুই তারা নিজেরাই তত্ত্বাবধান করছেন।
বর্তমানে ‘হাফ অ্যান্ড হাফ’, ‘দ্য ফ্লিক’ ও ‘প্লাম্পসিয়াস’—এই তিনটি থিমে তৈরি মূল সংগ্রহ বাজারে এনেছে ‘তামান্না ফাইন জুয়েলারি’। মুম্বাইয়ের জুহু এলাকায় এর ফ্ল্যাগশিপ স্টোরও চালু হয়েছে।