যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি এবং বিভিন্ন তথ্য তাকে অবহিত করা হয়।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি খুবই আগ্রহী এবং এই নির্বাচনের ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন। তিনি আরও বলেন, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি জেনেছেন, নির্বাচনের দিনটি হবে উৎসবমুখর। তার প্রত্যাশা, এটি হবে আনন্দময় একটি নির্বাচন, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কেন্দ্রে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।
মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবে। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো তার সঙ্গে ভাগ করেছেন, তাতে তিনি সন্তুষ্ট। ক্রিস্টেনসেন বলেন, আপনাদের সবার মতো আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফলের অপেক্ষায় আছি।