যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শিগগিরই বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটন প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। সংবাদ সম্মেলনে তিনি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জন সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন।
লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র এখন আন্তরিক মনোভাব প্রকাশ করেছে। দাভোসে সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে আলোচনাতেও বিষয়টি ইতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে। তিনি জানান, “ওয়াশিংটন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে ইতিবাচকভাবে দেখছে এবং বাণিজ্য ঘাটতি কমে আসায় শুল্ক ছাড়ে আগ্রহ দেখাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি এখন উল্লেখযোগ্যভাবে কমেছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য সম্পর্ক নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুৎফে সিদ্দিকী বলেন, ইইউ কমিশনার রোক্সানা মিনজাতু ও জোজেফ সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এফটিএ স্বাক্ষরের আগ্রহের বিষয়টি স্পষ্ট করা হয়েছে, তবে ইইউর প্রক্রিয়া ধীরে এগোচ্ছে বলে তিনি জানান।
ইইউ বর্তমানে ভারতের সঙ্গে এফটিএ প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী ধাপে ভিয়েতনামের দিকে অগ্রসর হতে পারে বলেও তিনি জানান। “এটি বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জের হলেও আলোচনা অব্যাহত থাকবে,” বলেন লুৎফে সিদ্দিকী। তিনি যোগ করেন, “এ বিষয়ে পরবর্তী সরকারের জন্য বিস্তারিত নোট রেখে যাচ্ছি, যাতে আলোচনা ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া যায়।