লক্ষ্মীপুর শহরের এলজিইডি কার্যালয় এলাকায় বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর–চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মো. আক্তার পাটোয়ারীর মেয়ে। সে শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক এলজিইডি অফিসের সামনে একটি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা আফরিন ও চালক রাজু গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক রাজুর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।