রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী।
দলীয় সূত্রে জানা যায়, কলেজের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে গেটেই বাধার মুখে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে তার দিকে ডিম ছুড়ে মারা হয়।
এনসিপির অভিযোগ, ছাত্রদল পরিচয়ে একদল ব্যক্তি এ ঘটনায় জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগেও গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গণসংযোগের সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ওপর থেকে কয়েকটি ডিম ছোড়া হচ্ছে। অন্য একটি ভিডিওতে ময়লা পানি নিক্ষেপের দৃশ্যও দেখা যায়।
টানা দু’বার এ ধরনের ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।