টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে অভিযুক্ত রায়হান কবির ইমনকে শনাক্ত করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে এক পর্যায়ে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে পুলিশি হেফাজতে নেয়।
এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”